
হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি আবাসিক ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩০০ জন।
ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লক নতুন করে নির্মাণের কাজ চলছিল। ভবনগুলোতে ছিল বাঁশ আর জালের ঘেরাটোপ।
পুলিশ মনে করছে, নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণ সামগ্রীর কারণে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে থাকতে পারে। হংকংয়ে প্রায় ৮০ বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড।
বুধবার হংকংয়ের স্থানীয় সময় দুপুর ২টা ৫১ মিনিটে নগরীর উত্তরাংশের তাই পো এলাকার ওয়াং ফুক কোর্ট নামের ওই আবাসিক কমপ্লেক্সে আগুন লাগে।
তাই পোর ওয়াং ফুক কোর্টের বাসিন্দারা এএফপিকে বলেছেন, তারা আগুনের বিষয়ে কোনো সতর্ক সংকেত পাননি এবং প্রতিবেশীদের সতর্ক করতে দরজায় দরজায় গিয়ে খবর দিতে হয়েছে।
সুইন নামের এক বাসিন্দা বলেন, আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। আমি দেখলাম একটি মাত্র হোস পাইপ দিয়ে কয়েকটি ভবন বাঁচানোর চেষ্টা হচ্ছে। আমার মনে হয়েছে এটা খুবই ধীর।’
সূত্র: রয়টার্স, আলজাজিরা