বাইসাইকেলে শিক্ষা সফরের বাসের ধাক্কায় এক শ্রমিক নিহত হয়েছেন নাটোরের বাগাতিপাড়ায়। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে জামনগর ইউনিয়নের ফুলতলা মোড় এলাকার পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আরজেদ প্রামাণিক (৫৫)। তিনি উপজেলার জামনগর ইউনিয়নের জামনগর মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। পেশায় তিনি গাছ কাটা শ্রমিক। পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের নিয়ে রাজশাহীর বাগমারার তাহেরপুর থেকে আফফান-আলভি নামের একটি বাস নাটোরের লালপুর গ্রীনভ্যালী পার্কে যাচ্ছিল। এ সময় সাইকেল চালিয়ে গাছ কাটার জন্য মইলভাগ এলাকায় যাচ্ছিলেন আরজেদ প্রামাণিক। বাসটি দুর্ঘটনাস্থলে এলে আরজেদ প্রামাণিকের সাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে পুঠিয়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় বাসের চালক এবং হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে বাসটিকে স্থানীয়রা আটকে রেখে পুলিশে খবর দেন। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান জানান, বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।