
গাজায় ১ বছরের বেশি সময় ধরে ইসরাইলি নির্মমতার বিরুদ্ধে বিশ্ব বিবেক যেখানে প্রতিবাদে মুখর, ঠিক সে সময় যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ওয়াশিংটন।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে আরো ৮ দেশ। যুদ্ধবিরতি প্রস্তাবের বিপক্ষে দাঁড়ানো দেশগুলোর মধ্য রয়েছে- ইসরাইল, আর্জেন্টিনা, হাঙ্গেরি, প্যারাগুয়ে, টোঙ্গা, পাপুয়া নিউ গিনি, নাউরু এবং চেক প্রজাতন্ত্র।
বিপরীতে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৫৮টি দেশ। আর ভোটদানে বিরত ছিল ১২ দেশ।
পাস হওয়া প্রস্তাবে ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতা আন্দোলন হামাসের মধ্যে অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। এতে গাজায় ইসরাইলি জিম্মিদের তাৎক্ষণিক মুক্তির দাবিও করা হয়েছে।


