
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ভারি বৃষ্টিপাতের কারণে একদিনে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানোম গেব্রেয়েসুসের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
তিনি জানান, গাজায় পরীক্ষাগার সংক্রান্ত রাসায়নিক উপকরণ ও রোগ নির্ণয় যন্ত্রপাতি পাঠাতে ডব্লিউএইচও এখনো বড় ধরনের বাধার মুখে পড়ছে।
এছাড়া ইসরাইল অনেক জরুরি সরঞ্জামকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য’ (ডুয়াল-ইউজ) পণ্য হিসেবে চিহ্নিত করে প্রবেশের অনুমতি দিচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাস থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এ সময়ে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজারেরও বেশি মানুষ।
যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও এই সহিংসতা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি সেনাবাহিনী একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে অন্তত ৩৮৬ জন ফিলিস্তিনি নিহত এবং ১ হাজার ১৮ জন আহত হয়েছেন।


