
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নিয়মনীতি অমান্য এবং অনুমোদিত নকশা ব্যত্যয় করে অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করে উচ্ছেদ অভিযান করা হয়েছে। অভিযানে নকশা অমান্য করে গড়ে তোলা কয়েকটি ভবনের সেটব্যাক ভেঙ্গে অপসারণ করা হয় এবং ডিপিডিসি’র মাধ্যমে নকশা ব্যত্যয়কৃত ৯ (নয়) টি নির্মাণাধীন ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বুধবার (১০ ডিসেম্বর, ২০২৫ ইং) রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন ও সাব জোন (৬/২) এবং (৬/৩) অথরাইজড অফিসার, অতিরিক্ত দায়িত্ব; উপপরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ-২) জান্নাতুল মাওয়া এর যৌথ নেতৃত্বে রাজধানীর মাতুয়াইলের হাশেম রোড ও আঃ লতীফ ভূইয়া কলেজ রোড এলাকায় অনুমোদিত নকশা ব্যত্যয় করে অবৈধভাবে গড়ে তোলা নির্মাণাধীন ভবনের নকশা ব্যত্যয়কৃত অবৈধ বর্ধিতাংশ ভেঙ্গে ফেলা হয়। এসময় নিয়মবহির্ভূত ৯ (নয়) টি নির্মাণাধীন ভবনের বৈদ্যুতিক মিটার জব্দ করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা কালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর আওতাধীন মাতুয়াইল মৌজার হাশেম রোড ও কলেজ রোড এলাকায় অনুমাদিত নকশা ব্যত্যয় করে অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়। সেই সাথে নকশা ব্যত্যয় করা নির্মাণাধীন ভবন মালিকদের সতর্ক করে দেওয়া হয় যাতে তাঁরা পরবর্তীতে ভবন নির্মাণে অনুমোদিত নকশা অনুযায়ী ভবন নির্মাণ করেন। সেই সাথে নকশা অমান্য করা নির্মাণাধীন ভবনের মালিক নিজ দায়িত্বে অবৈধ বর্ধিতাংশ ভেঙ্গে ফেলবেন এই মর্মে নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন। অভিযানে অবৈধ নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগের সার্ভিস লাইন বিচ্ছিন্ন করে ৯ (নয়) টি বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। নির্মানাধীন ভবন মালিকদের রাজউকের বিল্ডিং কোড ও অনুমোদিত নকশার নিয়মনীতি মেনে ভবন নির্মাণ করার জন্য সতর্ক করা হয়। নিয়মনীতি অমান্য করা নির্মাণাধীন ভবনে রাজউকের এই উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।

উচ্ছেদ অভিযান কালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সাব জোন (৬/২) এর সহকারী অথরাইজড অফিসার শাহানাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য, ইমারত পরিদর্শক মোঃ নাজিম উদ্দিন, মোঃ অমিত হাসান, মোঃ মারুফ হোসাইন, মলয় চন্দ্র রায়, হায়াত মাহমুদ শামীম, মোঃ শাহ আলম, মোঃ মিল্লাত হোসেন সহ রাজউকের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অভিযান পরিচালনা কালে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তা প্রদান করেন।


