
সর্বকালের সেরা ব্যাটার স্যার ডন ব্র্যাডম্যানের প্রতিটি স্মারকই অমূল্য সম্পদ। এমন একটি স্মারক দীর্ঘদিন গোপনে আগলে রেখেছিল একটি পরিবার।
নিলামকারী প্রতিষ্ঠান ‘লয়েডস অকশনস’ জানিয়েছে, বিডিং শুরু হবে মাত্র এক ডলার থেকে। নিলাম চলবে আগামী ২৬ জানুয়ারি ‘অস্ট্রেলিয়া ডে’ পর্যন্ত।
অস্ট্রেলিয়ার টেস্ট ক্যাপ পরিচিত ‘ব্যাগি গ্রিন’ নামে। আর ব্র্যাডম্যানের ব্যাগি গ্রিন অস্ট্রেলিয়ানদের কাছে আবেগ ও মর্যাদার প্রতীক। মৃত্যুর ২৪ বছর পরও তাকে নিয়ে আবেগে ভাটা পড়েনি।
গত বছর ব্র্যাডম্যানের একটি ব্যাগি গ্রিন নিলামে বিক্রি হয়েছিল চার লাখ ৮০ হাজার ডলারে। ২০২০ সালে তার আরেকটি টেস্ট ক্যাপ বিক্রি হয় সাড়ে চার লাখ ডলারে।
এবারেরটির দাম ছাড়িয়ে যেতে পারে ১০ লাখ ডলার। কারণ, ক্যাপটির বিশেষত্ব আলাদা। ব্র্যাডম্যানের অধিকাংশ স্মারক সম্পর্কে সবার ধারণা থাকলেও এই ক্যাপটির কথা এতদিন ছিল অজানা। ব্র্যাডম্যান এটি পরেছিলেন ১৯৪৭-৪৮ মৌসুমে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে, যে সিরিজে ছয় ইনিংসে তিনি করেছিলেন ৭১৫ রান।
পরে তিনি ব্যাগি গ্রিন উপহার দেন ভারতের অলরাউন্ডার এস ডব্ল– সোহোনিকে। গত ৭৫ বছরের বেশি সময় ধরে সেই ক্যাপ সোহোনি পরিবারের কাছেই ছিল। কখনো এটি প্রকাশ্যে আনা হয়নি।
লয়েডস অকশনসের মুখপাত্র লিহেমসের মতে, ‘৭৫ বছর ধরে একটি পরিবারের মালিকানা এবং ডনের সঙ্গে সরাসরি সংযোগ থাকায় এখন পর্যন্ত নিলামে ওঠা ব্র্যাডম্যানের সবচেয়ে আকর্ষণীয় ও গু-রুত্বপূর্ণ স্মারক এটি।’


